রায়পুরে পানির সংকটে ধুঁকছে ২০ হাজার বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়পুর পৌরসভার মধ্যবাজার এলাকার ফাতেমা বেগম বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার অফিস শেষে বাসায় ফিরে দেখেন পানি নেই। এ কারণে তিনি ইফতারি তৈরি বা রান্না করতে পারেননি। পরে তিনি বাজার থেকে ইফতারি কিনে আনতে বাধ্য হন।

 ফাতেমা বেগমের মতো রায়পুর পৌরসভার ২০ হাজার বাসিন্দা এক মাস ধরে পানির সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে চাহিদার অর্ধেক পানিও সরবরাহ করা যাচ্ছে না। একটি পাম্প নষ্ট হয়ে যাওয়ায় উচ্চ জলাধারে পানি তুলতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ৮ মে এ সমস্যা শুরু হয়।

পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর পৌর এলাকার ২০ হাজারেরও বেশি মানুষের প্রতিদিন ২২ লাখ লিটার পানির চাহিদা রয়েছে। কিন্তু এক মাস ধরে মাত্র ৭ থেকে ১০ লাখ লিটার পানি গ্রাহকদের সরবরাহ করা যাচ্ছে। আগে তিনটি পাম্প দিয়ে উচ্চ জলাধারে এ পানি তোলা হতো। গত মে মাসে হঠাৎ একটি পাম্প নষ্ট হয়ে যায়। অপর দুটি পাম্প দিয়েও পর্যাপ্ত পানি ওঠে না। এ দুটি পাম্প দীর্ঘদিন সংস্কার করা হয়নি। মধ্য বাজারের মো. আবদুল আউয়ালসহ চারজন বাসিন্দা জানান, সারা দিন রোজা রেখে পানির সংকটের কারণে তাঁরা অতিষ্ঠ। এমনকি পানি না থাকায় শৌচাগারে ব্যবহার করতেও তাঁদের মারাত্মক সমস্যা হয়।

দেনায়েতপুরের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘মসজিদে নামাজ পড়তে গেলে পানির অভাবে অজু করা যায় না। পরে বাধ্য হই নদীর নোংরা পানি ব্যবহার করতে। এতে চর্ম রোগ দেখা দিচ্ছে।’

এ বিষয়ে রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন বলেন, ‘নতুন একটি পাম্প কিনতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। অর্থসংকটের কারণে পাম্প কিনতে পারিনি। কিছুদিনের মধ্যে কেনা হবে।