রায়পুরে পাল্টাপাল্টি পাঁচটি চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে গত সোমবারের হরতালে সংঘটিত সহিংসতাকে কেন্দ্র করে গত দুই দিনে পাল্টাপাল্টি পাঁচটি চাঁদাবাজির মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপির ৯৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ মোট ১৫০ জনকে আসামি করা হয়।ইতিমধ্যে একটি মামলায় স্থানীয় উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়াসহ ২১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। তাঁদের আগামী ২৭ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার জেলার মুখ্য বিচারিক হাকিম মো. আওলাদ হোসেন ভূঁইয়ার আদালতে তিনটি মামলা করা হয়। এসব মামলার বাদীরা হলেন: উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের বিএনপির কর্মী মিরাজ হোসেন, আবুল বাসার ও দেনায়েতপুর গ্রামের জাকির হোসেন। মামলায় চাঁদা দাবি ছাড়াও হামলা-ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ আনা হয়। মামলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১০৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। লক্ষ্মীপুর আদালতের সাবেক পিপি মনিরুল ইসলাম হাওলাদার তিনটি মামলার বিষয়ই নিশ্চিত করেছেন।এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজান উদ্দিন খান ভুট্টু ও কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাহার উদ্দিন রায়পুর থানায় দুটি মামলা করেন। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়। মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সাবেক সভাপতি সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ ফারুক, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহরাব হোসেন, বিএনপির নেতা নাজমুল আলম, আমির হোসেনসহ ৪৩ জনকে আসামি করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।