রায়পুরে পুকুর ভরাট নিয়ে সংঘর্ষ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের এল এম পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান।আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রাসেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এলাকার বাসিন্দা সিরাজ উল্যা বলেন, চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের উত্তর পাশের একটি পুকুরে তাঁদের ৭০ শতাংশ জায়গা রয়েছে। বাকি প্রায় ৩০ শতাংশ জায়গা সড়ক ও জনপথ বিভাগের। ১০-১৫ দিন ধরে রায়পুর আবাসন প্রকল্পের নামে আলী হায়দার নামের এক ব্যক্তি লোকজন দিয়ে পুকুর ভরাট করতে শুরু করেন। তিনি বলেন, এ ঘটনায় লক্ষ্মীপুর দেওয়ানি আদালতে মামলা করা হয়। এতে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়। মামলার খবর পেয়ে গতকাল আলী হায়দারের লোকজন জোরেশোরে পুকুর ভরাট করতে থাকে। তাঁরা এতে বাধা দিলে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। রায়পুর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার বলেন, প্রকল্পের জন্য রাসেলদের কাছ থেকে সাড়ে ১৬ শতাংশ জমি কেনা হয়। ওই জমি ভরাট করতে গেলে সিরাজ উল্যা ও তাঁর লোকজন রাসেলের ওপর হামলা চালায়।