মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য সরকার জেলেদের চাল বরাদ্দ দিলেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ হাজার ৮৫৪ জন জেলে পুনর্বাসন-সুবিধার বাইরে রয়েছেন।
উপজেলায় ৮ হাজার ৫০টি জেলে পরিবার রয়েছে। এবার সরকারি পুনর্বাসনের চাল পাবে ৪ হাজার ১৯৬টি পরিবার। আর এ সহায়তার বাইরে থাকছে ৩ হাজার ৮৫৪টি পরিবার। গত বছর মাছ ধরা নিষিদ্ধের সময় ২ হাজার ৬০ জন জেলে সুবিধাবঞ্চিত ছিলেন।
গত সোমবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে ৪ হাজার ১৯৬টি জেলে পরিবারের জন্য চাল আসে। জেলে পরিবারগুলো ৪ মাস ৪০ কেজি করে এ চাল পাবে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম করতে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করে সরকার। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন ১ মার্চ থেকে মেঘনায় সব ধরনের জাল ফেলা বন্ধ করে দেয়। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চরআবাবিল, উত্তর চরআবাবিল ইউনিয়নসহ উপজেলায় ৮ হাজার ৫০টি জেলে পরিবার রয়েছে। এর মধ্যে পুনর্বাসনের জন্য সরকার ৪০ কেজি করে চাল ৪ হাজার ১৯৬টি জেলে পরিবারের নামে বরাদ্দ করে।
চরআবাবিল গ্রামের জেলে মাহবুবুর রহমান ও চরবংশী গ্রামের মো. হানিফ মিয়া বলেন, নদীতে প্রতিদিন মাছ ধরেই জেলেরা সংসার চালান। অন্য কোনো কাজ তাঁদের জানা নেই। দুই মাস মাছ ধরা বন্ধ রাখলেও তাঁরা সরকারিভাবে কোনো বরাদ্দ পাননি। গত বছরও তাঁদের মতো অনেক জেলে চাল বরাদ্দ পাননি।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, এবার প্রায় চার হাজার জেলে কোনো চাল বরাদ্দ পাবেন না। এ অবস্থায় জেলেরা দুই মাস কীভাবে চলবেন, তা নিয়ে তাঁরা চিন্তিত। সুবিধাবঞ্চিত জেলেরা জীবন বাঁচাতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামতে পারেন। এতে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এ জন্য সব জেলের নামে চাল বরাদ্দ করা প্রয়োজন।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, জেলের তুলনায় চাল বরাদ্দ কম। এ কারণে অনেক জেলেকে পুনর্বাসনের আওতায় আনা সম্ভব হয়নি। তালিকা চূড়ান্ত করে প্রথম মাসের চাল কয়েক দিনের মধ্যে বিতরণ করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিবুল্লাহ প্রথম আলোকে বলেন, চালের বরাদ্দ আসে মৎস্য অধিদপ্তর থেকে। এ বছর আর বরাদ্দ বাড়বে না। আগমী বছর আরও বেশি জেলেকে পুনর্বাসন-সুবিধার আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে।