রায়পুরে পুড়িয়ে দেওয়া হলো যুবদল নেতার ঘর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবদল ও যুবলীগের দুই নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় নেতা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।এলাকাবাসীর ভাষ্যমতে, গত শনিবার রাত নয়টার দিকে রায়পুরের কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের অর্থ সম্পাদক পারভেজ হোসেনের বসতঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। ঘটনার সময় ওই ঘরে কেউ ছিল না। টের পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এর ফলে ওই ঘর ও ঘরে থাকা সব মালামাল এবং ঘরের পাশের নারকেল ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ পুড়ে যায়। ওই ঘটনার পরের দিন (গত রোববার) রাত ১০টার দিকে কেরোয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ পাটওয়ারীর রান্নাঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। টের পেয়ে বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত পারভেজ হোসেন অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা মিলু পাটওয়ারীর ছেলে যুবলীগের নেতা মিরাজ পাটওয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শুক্রবার সন্ধ্যায় ওয়াজ উদ্দিন পুল এলাকায় তাঁকে ধাওয়া করে। পরে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে সবাইকে হুমকি দিয়ে যায়। তাই ভয়ে রাতে তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। এ সুযোগে শনিবার রাতে তাঁর বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। তবে যুবলীগের নেতা মিরাজ পাটওয়ারী অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য পারভেজ নিজের ঘরে নিজেই আগুন দিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করেন, পারভেজই বিএনপির সন্ত্রাসীদের নিয়ে রোববার রাতে তাঁর রান্নাঘরে আগুন লাগিয়ে দেন। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন জানান, পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। তদন্ত চলছে।