রায়পুরে পৌঁছায়নি ৮৬ হাজার বই
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ হাজার শিক্ষার্থী এখনো ৮৬ হাজার ৫০০ বই পায়নি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ১৩টি বিষয়ের বই পায়নি।
চাহিদা অনুযায়ী না পাওয়ায় ওই শিক্ষার্থীদের হাতে বছরের ১৭ দিন পার হলেও বই তুলে দেওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এতে এসব বিদ্যালয়ে পাঠদান ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, উপজেলায় ২০০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১২০টি সরকারি। এসব বিদ্যালয়ে ৫টি শ্রেণিতে ৪২ হাজার শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য এ বছর ২ লাখ ২ হাজার ৮০০ বইয়ের চাহিদা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু পাওয়া গেছে ১ লাখ ১৬ হাজার ৩০০ বই।
ওই কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখনো দ্বিতীয় শ্রেণির ইংরেজি, গণিত; তৃতীয় শ্রেণির ইংরেজি, গণিত, বিজ্ঞান; চতুর্থ শ্রেণির বাংলা, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নৈতিক ও ইসলাম ধর্ম; পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের কোনো বই পাওয়া যায়নি।
শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহমেদ বলেন, ‘চাহিদা অনুযায়ী বই না পাওয়ায় আমরা শিক্ষার্থীদের বই দিতে পারিনি। প্রতিদিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে বইয়ের জন্য যোগাযোগ করা হচ্ছে।’
রায়পুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, নির্দিষ্ট সময়ে বই সরবরাহ না পাওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বইগুলো দ্রুত পাওয়া না গেলে পাঠ্যক্রম শেষ করতেও সমস্যায় পড়তে হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, ‘শিক্ষার্থীদের হাতে এখনো সব বই তুলে দিতে পারিনি। বইয়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শিগগিরই সমাধান হবে বলে আশা করছি। বিষয়টি নিয়ে প্রতিদিনই শিক্ষক ও অভিভাবকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’