রায়পুরে পৌরসভার দখলে পাউবোর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিশু পার্ক করার জন্য পাউবোর দুই একর জমি দখল করে মাটি সমান করার কাজ করছে পৌ​র কর্তৃপক্ষ। ছবিটি ১৩ এপ্রিল ওয়ার্কশপ এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিশু পার্ক করার জন্য পাউবোর দুই একর জমি দখল করে মাটি সমান করার কাজ করছে পৌ​র কর্তৃপক্ষ। ছবিটি ১৩ এপ্রিল ওয়ার্কশপ এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরের রায়পুর পৌর কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২ একর ৪ শতক জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর কর্তৃপক্ষ শিশু পার্ক নির্মাণের নামে ওই জায়গার দুই শতাধিক গাছ কেটে মাটি ভরাট করেছে। পাউবো কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিলেও কাজ বন্ধ হয়নি।
রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন দাবি করেন, শিশু পার্ক নির্মাণের জন্য জেলা প্রশাসক ওই জমি পৌরসভাকে বরাদ্দ দিয়েছেন। তবে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, পৌরসভাকে ওই জমি এখনো বরাদ্দ দেওয়া হয়নি।
ওই জমি দখল বন্ধের জন্য গত ২০ মার্চ পাউবোর রায়পুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইদ্রিস মিয়া লিখিত অভিযোগ দেন। পুলিশ দুদিন পর ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু এর পরদিন থেকেই আবার গাছ কাটা ও মাটি ভরাটের কাজ করা হয়।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ১২ জন শ্রমিক পাউবোর ওই জমির বৃক্ষ কর্তন ও মাটি ভরাটের কাজে নিয়োজিত। তাঁরা পৌরসভার মেয়রের নির্দেশে এ কাজ করছেন বলে জানান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘বন্ধ করে দেওয়ার পর ওই জমিতে আবার কাজ করা হয় কি না, জানা নেই।’
পাউবোর রায়পুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত) মাহাবুবুল করিম বলেন, রায়পুরে ওয়ার্কশপ এলাকায় পাউবোর ২ একর ৪ শতক জমি রয়েছে। সেখানে পাউবোর দুটি ভবনও রয়েছে। গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ওই জমি পুনরায় অধিগ্রহণ (রিজিউম) করে খাস খতিয়ানভুক্ত করার জন্য পাউবোকে নোটিশ দেয়। পাউবোর চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওই জমি রিজিউম না করার আদেশ চেয়ে ওই বছরের ২৯ অক্টোবর লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে মামলা করেন। এতে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিবাদী করা হয়। গত ১২ মার্চ হঠাৎ পৌর কর্তৃপক্ষ শ্রমিক নিয়ে গাছ কাটা শুরু করে। তারা বেআইনিভাবে দুই শতাধিক গাছ কেটে মাটি ভরাট করেছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত) এস এম আতাউর রহমান বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। পাউবোর জমি তাদের প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী বরাদ্দ নিত। কিন্তু বরাদ্দ না নিয়ে অবৈধভাবে গাছ কেটে পৌর কর্তৃপক্ষ জোর করে জমিটি দখল করছে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘পাউবোর জমিটি রিজিউম করে খাস খতিয়ানভুক্ত করার কাজ চলছে। পৌরসভা কর্তৃপক্ষকে এখনো তা বরাদ্দ দেওয়া হয়নি। প্রক্রিয়া শেষ হলে জনসাধারণের ব্যবহারের জন্য ওই ভূমিতে পার্ক করার জন্য বরাদ্দ দেওয়া হবে।’