রায়পুরে প্রতিবাদ করায় বখাটের হামলার শিকার স্কুলছাত্রী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উত্ত্যক্ত করার প্রতিবাদ জানালে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বখাটের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মেয়েটির পরিবার জানায়, উপজেলার মধ্য কেরোয়া গ্রামের ওই কিশোরীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার বখাটে মাইন উদ্দিন খান (২২)। সে প্রবাসী আবদুল আওয়াল খানের ছেলে। গতকাল সকালেও মাইন উদ্দিন মেয়েটিকে উত্ত্যক্ত করে। মেয়েটি এ কথা তার মাকে জানালে তিনি মাইন উদ্দিনকে বিষয়টি জিজ্ঞেস করতে তার বাড়িতে যান। এ সময় মাইন উদ্দিন খেপে গিয়ে মেয়েটির মাথায় ইট দিয়ে আঘাত করে। মেয়েটির বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের ছাত্রী বখাটের হামলার শিকার হয়েছে বলে খবর শুনে আমি পুলিশকে ঘটনাটি জানাই। ওই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে।’রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মেয়েটির সঙ্গে কথা বলেছে। মাইন উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। তবে এখনো এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।