রায়পুরে প্রার্থীরা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউপি নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন প্রধান দুই দলের চেয়ারম্যান ও সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা। সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছেন অভিযোগ করে পরস্পরকে দোষারোপ করছেন তাঁরা।সূত্র জানায়, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রতিবেদনে রায়পুরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এ কারণে নির্বাচন কমিশন রায়পুরকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে। এ জন্য ভোটের দিন এখানে পুলিশের পাশাপাশি বিজিপি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১২ ও ১৫ জুন এখানে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা পাটওয়ারী বলেন, ‘নির্বাচনে অরাজকতা সৃষ্টির জন্য প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। আমার সমর্থকদের হুমকিধমকি দিচ্ছে। সেই প্রার্থী প্রকাশ্যে বলেছে, এক ভোট পেলেও চেয়ারম্যান। এতে কী প্রতীয়মান হয়? এ জন্য সে অবৈধ অস্ত্রও নাকি মজুদ করছে।’বামনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘ইতিমধ্যে বিএনপির সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যাওয়ায় আমি উদ্বিগ্ন। উপজেলার পূর্বাঞ্চলে বিএনপি-জামায়াতের চিহ্নিত পলাতক সন্ত্রাসীরা ফিরে এসেছে।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা নির্বাচনে আইনশৃঙ্খলা অবনতি ঘটাতে তৎপরতা চালাচ্ছে।লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপি দলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে লক্ষ্মীপুরে বিএনপির নেতা নূরুল ইসলামকে হত্যা করা হয়। অতীতেও তারা পেশিশক্তি ও অস্ত্রবাজির মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে। এ নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, ‘অবৈধ অস্ত্র আসার বিষয়টি অবগত নই। তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। নির্বাচনে সন্ত্রাসীরা যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।’