রায়পুরে বছরে মাথাপিছু ওষুধ বরাদ্দ দেড় টাকারও কম!
লক্ষ্মীপুরের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি অর্থবছরে তিন লাখ ৯৫ হাজার ৫০০ টাকার ওষুধ বরাদ্দ পাওয়া যায়। উপজেলায় জনসংখ্যা রয়েছে দুই লাখ ৮০ হাজার। সেই হিসেবে প্রতিজনের জন্য বছরে থাকে বরাদ্দ গড়ে এক টাকা ৪১ পয়সার ওষুধ। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৩০০ রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি থাকে গড়ে ৩০ জন। এদের অধিকাংশই গরিব রোগী। তাদের সঠিক সেবা দিতে হলে মাসে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকার ওষুধ প্রয়োজন। অথচ এক বছরের জন্য এখানে বরাদ্দ প্রায় চার লাখ টাকা। এতে নিম্নবিত্তরা হাসপাতালে এসে কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।চিকিৎসকেরা জানান, জনসংখ্যার তুলনায় সরকারি ওষুধ বরাদ্দ অপ্রতুল। এ জন্য তারা বেকায়দায় পড়ছেন। অনেক সময় প্যারাসিটামল আর গ্যাস্ট্রিক জাতীয় ওষুধ দিয়ে রোগীকে সামলাতে হয়। এতে গরিব রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত রোববার বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন বামনী গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও চরমোহনা গ্রামের সিদ্দিকুর রহমান। তাঁরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেটব্যথার জন্য দেওয়া হয় প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আবার কিডনি রোগী বা হার্টের রোগীকেও দেওয়া হয় ওই একই ওষুধ। এ নিয়ে প্রতিদিন রোগী ও চিকিৎসকদের মধ্যে বাদানুবাদ হয়। অনেক সময় চিকিৎসক বাইরে থেকে ওষুধ কিনতে রোগীকে স্লিপ দিয়ে দেন। কিন্তু অনেক গরিব রোগীর পক্ষে তা কেনা সম্ভব হয় না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, ‘চাহিদার তুলনায় ওষুধ বরাদ্দ অনেক কম। এ বরাদ্দ দিয়েই এক বছর চালাতে হয়। এ ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তবে গরিব রোগীকে আশানুরূপ ওষুধ দিতে না পারলে কষ্ট লাগে। বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক চিঠি লেখা হয়েছে।’