চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা একের পর বাস ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় গতকাল সোমবার জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ আট দফা দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছে। এতে ১০ আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে রায়পুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।জানা গেছে, রায়পুর-লক্ষ্মীপুর সড়কের মধুপুরে গত বৃহস্পতিবার রাতে জোনাকী সার্ভিসের যাত্রীবাহী দুটি বাসে হামলা চালায় ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। এ সময় বাসগুলো ভাঙচুর এবং ১৫ যাত্রীকে পিটিয়ে আহত করা হয় । এ ঘটনায় বাসের মালিক ইব্রাহীম মাহবুব শুক্রবার রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা পরের দিন একই প্রতিষ্ঠানের আরও দুটি বাস ভাঙচুর করে।ইব্রাহীম মাহবুব অভিযোগ করেন, ১০-১৫ দিন আগ থেকে সন্ত্রাসীরা তাঁর কাছে টিকিটপ্রতি ২০ টাকা করে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় গত বুধবার তাঁর একটি বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এরপর একের পর এক বাস ভাঙচুর করা হচ্ছে। লক্ষ্মীপুর জেলা বাস-মিনিবাস মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী মো. শাহজাহান মুঠোফোনে বলেন, ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীর কারণে লক্ষ্মীপুর পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ কারণে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছেন। অবস্থার পরিবর্তন না হলে ১০ আগস্ট থেকে ঢাকা-রায়পুর রুটে চলাচলকারী সব বাস বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া বলেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বাস ভাঙচুরের ঘটনায় জড়িত নয়। কেউ জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাস ভাঙচুরের ঘটনায় দায়ের করা জিডির তদন্ত চলছে।