রায়পুরে বিএডিসির সয়াবিন বীজের সংকট, চাষ ব্যাহতের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) সয়াবিন বীজের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় বিএডিসি থেকে বীজ কম বরাদ্দ দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নিরুপায় হয়ে কৃষকেরা বেশি দামে স্থানীয়ভাবে বীজ সংগ্রহ করছেন। তাও চাহিদার তুলনায় নিতান্তই কম।জানা গেছে, প্রতিবছর রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকার চারটি ইউনিয়নে প্রায় ২০০ কোটি টাকার সয়াবিন উত্পাদন হয়। দেশের মোট উত্পাদিত সয়াবিনের একটি উল্লেখযোগ্য অংশ এ এলাকায় উত্পাদিত হয়। কিন্তু এবার বীজসংকটে পড়েছেন কৃষকেরা। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চার হাজার ৪১০ হেক্টর জমিতে এবার সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ২৬৪ মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। কিন্তু এবার বিএডিসি থেকে বীজ বরাদ্দ পাওয়া গেছে মাত্র ১২ মেট্রিক টন। ডিলার আট মেট্রিক টন বীজ উত্তোলন করলেও চার মেট্রিক টন এখনো পাওয়া যায়নি। ১ জানুয়ারি থেকে ৩০ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিন আবাদের উপযুক্ত সময়।চরবংশীর কৃষক সিরাজুল ইসলাম ও হুমায়ুন কবির জানান, বিএডিসির সয়াবিন বীজের কেজি ৪২ টাকা। এ বীজ বাজারে না থাকায় এখন তাঁদের বীজ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৫ থেকে ৮০ টাকায় বীজ কিনতে হচ্ছে। এ দামেও সবসময় পাওয়া যাচ্ছে না। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি উত্পাদন ব্যয় বেশি পড়বে। বীজ ডিলার রহমত আলী বলেন, ‘রায়পুরে তিনজন বীজের ডিলার রয়েছেন। গত সয়াবিন মৌসুমে আমি বিএডিসি থেকে ৫৫ মেট্রিক টন বীজ বরাদ্দ পেয়েছি। আর এ বছর পেয়েছি মাত্র আট মেট্রিক টন। সেগুলো ১০-১৫ দিন আগেই শেষ হয়ে গেছে। এখন কৃষকদের স্বার্থে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশি দামে বীজ সংগ্রহ করে বিক্রি করতে হচ্ছে।বীজসংকটের কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল মুঠোফোনে বলেন, ‘বীজের জন্য বিএডিসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তাদের কাছেও বীজ নেই। ১২ মেট্রিক টন বীজ বরাদ্দ দিলেও এখনো চার মেট্রিক টন পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।’