রায়পুরে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনাল এলাকায় গতকাল মঙ্গলবার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সকাল সাতটার দিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এ সময় তাঁরা সড়কে পিকেটিং করে এবং হরতালের সমর্থনে নানা স্লোগান দেন। পিকেটিংকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের লোকজনের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলমের লোকজনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওই ১০ নেতা-কর্মী আহত হন। নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হরতালে পিকেটিং করতে এলে যুবদলের কর্মীরা আমার সমর্থকদের ওপর অন্যায়ভাবে হামলা চালান। তাঁদেরকে পিটিয়ে আহত করা হয়। বিষয়টি জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়েছে।’ সফিকুল আলম বিদেশে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সফিকুলের সমর্থক উপজেলা যুবদলের সদস্যসচিব এমরান হোসেন জানান, বিএনপি নেতা নাজমুলের লোকজনের সঙ্গে বাস টার্মিনালে সাধারণ শ্রমিকদের ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি সমাধান করে দেবেন।