রায়পুরে বিএনপির এক পক্ষের ওপর অপর পক্ষের হামলা
লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কে গতকাল মঙ্গলবার বিএনপির এক পক্ষের ওপর অপর পক্ষের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় সাংসদ আবুল খায়ের ভূঞার সমর্থকদের হামলায় আবদুল মজিদ গ্রুপের তিন কর্মী আহত হন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ আবুল খায়ের ভূঞার সমর্থকেরা ১৭ অক্টোবর বিকেলে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) আবদুল মজিদের ব্যানার-পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেয়। ওই দিন দিবাগত রাতে মজিদের সমর্থকেরা পৌরসভার বিভিন্ন এলাকায় সাঁটানো আবুল খায়ের ভূঞার ব্যানার-পোস্টার ও ফেস্টুনে গোবর লাগিয়ে দেয়।
দলীয় নেতা-কর্মীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আবদুল মজিদের সমর্থকেরা শহরে একটি মিছিল বের করে। আবুল খায়ের ভূঞার সমর্থকেরা তাদের ধাওয়া করে। এ সময় তারা কেরোয়া যুবদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, যুবদলের কর্মী হুমায়ুন কবির ও নুরে আলমকে পিটিয়ে আহত করে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরে বিএনপির নেতা-কর্মীদের মামলা-হামলার শিকার হতে হয়েছে। এর পরও তাঁরা সাংসদ আবুল খায়ের ভূঞার নেতৃত্বে উজ্জীবিত। দলীয় প্রতিটি কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি আবদুল মজিদ নামের এক ব্যক্তির পোস্টার নিয়ে মাঠে নামেন। তাঁকে রায়পুরবাসী কখনো দেখেননি বা তিনি এখানে আসেননি। অপরদিকে বিগত চারদলীয় জোট সরকারের শেষ সময়ে কবির আহমেদ ভূঁইয়ার ৩০টি গাড়ি ভেঙে দেন আবুল খায়ের ভূঞার লোকজন। আবদুল মজিদের ঘনিষ্ঠ আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংসদের সশস্ত্র ক্যাডাররা আমাদের তিন কর্মীর ওপর অতর্কিত হামলা করেছে। এর আগে তারা অস্ত্র নিয়ে মিছিল করে আবদুল মজিদের ব্যানার-পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেয়। ক্ষুব্ধ লোকজন পরে এমপির পোস্টারে গোবর লাগিয়ে দেয়।’
রায়পুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘১০-১৫ জন লোক দলের মধ্যে বিশৃঙ্খলা করছে। দলে তাদের কোনো পদ-পদবিও নেই। কে বা কারা তাদের ওপর হামলা করেছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। এরাই গেল সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচন করেছে। তা ছাড়া আবদুল মজিদের এলাকায় এমন কোনো অবস্থান নেই যে তাঁর পোস্টার পোড়াতে হবে। আলোচনায় আসতে তারা নিজেরাই একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’