রায়পুরে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদীঘিরপাড় সমাজকল্যাণ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। বর্তমানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন। এ নিয়ে গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন পাটওয়ারীকে হামছাদী গ্রামের অভিভাবক মোক্তার আহাম্মদ বাহারের পক্ষে লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী কামাল উদ্দিন ২০ ডিসেম্বর লিগ্যাল নোটিশ দিয়েছেন। এতে অবৈধ নিয়োগসংক্রান্ত কার্যক্রম স্থগিত রেখে সাত দিনের মধ্যে জরুরি ভিত্তিতে পুনরায় পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আগের দেওয়া বিজ্ঞপ্তি স্থগিত করার জন্য বলা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫৫০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত। এখানে নয়জন শিক্ষক ও তিনজন কর্মচারী দায়িত্ব পালন করছেন। গত ২০ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। এরপর গত ১৭ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ইংরেজিতে দক্ষ একজন প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়। পরে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে কমিটির সভাপতি অসদুপায় অবলম্বন করে গোপনে নিয়োগ-প্রক্রিয়ার কার্যক্রম চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।মো. জাকির হোসেন পাটওয়ারীর দাবি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগটি সঠিক নয়। বিধি অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগটি পেয়েছি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে ডেকে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হবে।’