রায়পুরে বিষ ঢেলে দেড় লাখ পোনা মারল দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরের রায়পুরের একটি পুকুরে গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেড় লাখের বেশি পোনা মেরে ফেলেছে। পুকুরের মালিক আবুল বাশার ও পারভেজ হোসেন জানান, উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের আনন্দবাজার এলাকায় আট বছরের জন্য তাঁরা কয়েকজন ইউছুফ মাঝিদের কাছ থেকে ৪০ শতাংশের ওই পুকুর ইজারা নেন। গত ২০ এপ্রিল তাঁরা পুকুরে দেড় লক্ষাধিক মনোসেক্স তেলাপিয়ার পোনা ছাড়েন। শুক্রবার গভীর রাতে শত্রুতাবশত কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়। গতকাল শনিবার সকালে আশপাশের লোকজন পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। এ সময় বিষের গন্ধও পাওয়া যায়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, পুকুরে বিষ দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।