রায়পুরে বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ, জনদুর্ভোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বৃষ্টি শুরু হলে কিংবা একটু জোরে বাতাস বইলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। টানা চার ঘণ্টা চলে বৃষ্টি। এ সময় বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকে।
গ্রাহকদের অভিযোগ, আকাশে কালো মেঘের আনাগোনা দেখলেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ঝড় হলে তিন-চার দিন বিদ্যুৎ থাকে না। গত ২৫ মার্চ বিকেলে ঝড় ও বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। তখন গ্রাহকেরা দুই দিন পর বিদ্যুৎ পান। এতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর উপজেলার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৮০০ কিলোমিটার বিদ্যুৎ লাইন আছে। পানপাড়া ও রায়পুর উপকেন্দ্রের মাধ্যমে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর আওতায় গ্রাহক আছে প্রায় ৪৫ হাজার।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, এ উপজেলার ৯০ শতাংশ বিদ্যুৎ লাইন সুপারি বাগান ও গাছপালার ভেতর দিয়ে টানা হয়েছে। এ জন্য ঝোড়ো হাওয়া বা বৃষ্টির আভাস পাওয়া গেলে নিরাপত্তার কারণেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হয়।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। তা ছাড়া একটু দমকা বাতাস বইলে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এ যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ।
স্কুলশিক্ষক ছৈয়দ আহাম্মেদ ও ইব্রাহিম হোসেন বলেন, নানা অজুহাতে প্রায় সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এ কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। রেফ্রিজারেটরে রাখা মাছ ও মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
পৌর শহরের ব্যবসায়ী এম এ রহিম বলেন, বৃষ্টি শুরুর পর বিদ্যুৎ বন্ধ করার কারণে তাঁদের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। এ জন্য জেনারেটরের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুদাস চন্দ্র রক্ষিত বলেন, ঝোড়ো হাওয়া বা বৃষ্টির আভাস পাওয়া গেলে নিরাপত্তার কারণেই চাঁদপুর ও চৌমুহনী গ্রিড থেকে লাইন বন্ধ করা হয়। ঝড়ে বৈদ্যুতিক তারের ওপরে গাছ ভেঙে পড়ায় গত তিন মাসে অনেকবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তার ছিঁড়ে গেলে, ঠিক করতে সময় লাগে।