রায়পুরে বৃষ্টিতে আড়াই কোটি টাকার সয়াবিন নষ্ট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাঁচ দিনের বৃষ্টিতে আড়াই কোটির বেশি টাকার সয়াবিন নষ্ট হয়ে গেছে। এতে সয়াবিন চাষের সঙ্গে যুক্ত সাত হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে কৃষকেরা বলছেন, কৃষি কার্যালয়ের দেওয়া এ তথ্য সঠিক নয়। কারণ, অতিবৃষ্টিতে পাঁচটি চরের আধা পাকা ৮০ ভাগ সয়াবিনই তলিয়ে গেছে। এতে পচে নষ্ট হয়ে গেছে ৫০ কোটি টাকার সয়াবিন।
চর বংশী গ্রামের কৃষক ইব্রাহিম মিয়া ও মো. মিন্টু জানান, এ বছর সয়াবিনের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু ফসল ঘরে তোলার কয়েক দিন আগে হঠাৎ ভারী বর্ষণ শুরু হয়। এতে চোখের সামনেই ডুবে যায় পাকা সয়াবিন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১৯ হাজার ২৪১ একর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৩০ একর জমির সয়াবিন ডুবে যায়। এতে ৮৫৮ মেট্রিক টন সয়াবিন নষ্ট হয়ে যায়। এ কারণে কৃষকের ২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়।
সাইজুদ্দিন মোল্লা উপজেলার হায়দারগঞ্জ বাজারে ২৫ বছর ধরে সয়াবিনের ব্যবসা করছেন। তিনি জানান, কয়েক বছর ধরে শুধু উপজেলার পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নে প্রায় ৩৫০ কোটি টাকার সয়াবিন লেনদেন হচ্ছে। তিনিসহ ১৫-২০ জন ব্যবসায়ীর সয়াবিনে বিনিয়োগ রয়েছে দুই শতাধিক কোটি টাকা। পাকা ও আধা পাকা সয়াবিন নষ্ট হওয়ায় কৃষকের মতো তাঁরাও দিশেহারা হয়ে পড়েছেন।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির আহাম্মেদ বলেন, এবার সয়াবিনের ভালো ফলন হয়েছিল। সয়াবিন ঘরের তোলার সময়ে বৃষ্টি দেখা দেওয়ায় কৃষকের সর্বনাশ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে।