রায়পুরে বৃষ্টিতে ডুবেছে এক হাজার হেক্টর জমির আমন
টানা চার দিনের বৃষ্টিতে চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) ভেতরে পানি থইথই করছে। ডুবে গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক হাজার হেক্টর জমির রোপা আমন। ভেসে গেছে অনেক পুকুরের মাছ।
রায়পুরের হাজীমারা এলাকায় রেগুলেটর দিয়ে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় প্রকল্প এলাকার রায়পুরসহ ছয়টি উপজেলার অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।
গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক আবদুল সালাম ডুবে যাওয়া আমনখেত পরিদর্শনে আসেন।
রায়পুর কৃষি কার্যালয়ের তথ্যমতে, চার দিনের বৃষ্টিতে সিআইপির ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে খেতের ধান তলিয়ে যায়। চলতি মৌসুমে আট হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে ছয় হাজার হেক্টর জমিতে ধানগাছের চারা লাগানো হয়েছে।
চরপাতা গ্রামের কৃষক আবুল কালাম, কেরোয়া গ্রামের আবদুল আলী, বামনী গ্রামের সাইফুল ইসলাম ও চরমোহনা গ্রামের মামুনুর রশিদ জানান, তাঁদের এলাকার ৮০ শতাংশ রোপা আমনখেত ডুবে গেছে। অল্প কিছু উঁচু জমির ধানগাছ টিকে আছে। সর্বত্র পানি থইথই করছে। এ ছাড়া পানি নিষ্কাশন বিঘ্নিত হওয়ায় প্রতি বর্ষা মৌসুমে সেচ প্রকল্পের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত বছরও অতিবৃষ্টিতে প্রকল্পের ভেতরের বোরো ধান ও সয়াবিন ডুবে নষ্ট হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রায়পুর, রামগঞ্জ (আংশিক), চাঁদপুর সদর (আংশিক), হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ১০০ কিলোমিটার এলাকা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। প্রকল্পের ভেতরে ৫৭ হাজার হেক্টর ফসলি জমি ও ৫০ লাখ অধিবাসী রয়েছে। আর কৃষক রয়েছে পাঁচ লাখেরও বেশি। প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য হাজীমারা এলাকায় স্লুইসগেট নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় রেগুলেটরের মুখে পলি জমে ভরাট হয়ে গেছে।
রায়পুরের চরবংশী গ্রামের জসিম উদ্দিন জানান, তাঁর ১৫টি পুকুরের মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর বাবুল বলেন, বৃষ্টিতে রায়পুরের প্রায় এক হাজার হেক্টর জমির আমন ডুবে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রায়পুরের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হলে জলাবদ্ধতা হতে পারে। এক-দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।