রায়পুরে ব্যবসায়ী খুন, তিন জায়গা থেকে ৩ লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে নুর নবী (৪২) নামের এক ব্যবসায়ীকে গত রোববার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। এদিকে কুমিল্লার দেবীদ্বার থেকে এক অন্তঃসত্ত্বা নারী এবং নেত্রকোনার কলমাকান্দা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের আমিন কমপ্লেক্স মার্কেটের ডেকোরেটর ব্যবসায়ী নুর নবীকে (৪২) গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। গতকাল মার্কেটের পেছনে নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। নিহত নুর নবী পাশের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে।
নুর নবীর স্ত্রী পেয়ারা বেগম বলেন, তাঁর স্বামী শহরে দোকানের কাছে ভাড়া করা বাসায় মাঝেমধ্যে রাতে একা থাকতেন। রোববারও একা ছিলেন। এর চার-পাঁচ দিন আগে তাঁর মুঠোফোন চুরি যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের দোকানের সেলুনকর্মীর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল বলে নুর নবী তাঁকে জানিয়েছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে নুর নবীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানান পেয়ারা বেগম।
লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা বলেন, বাসার জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই ব্যবসায়ীকে হত্যা করে।
এদিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার শিবপুর গ্রামে ছয় মাসের অন্তঃসত্ত্বা ইয়াসমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইয়াসমিনের বাবা বাদী হয়ে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছন। গৃহবধূর স্বামী মোস্তফা কামালকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর তিন আসামি ঘটনার পর থেকে পলাতক।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, বছরখানেক আগে মোস্তফা কামাল ও ইয়াসমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে ইয়াসমিনকে নির্যাতন করতেন মোস্তফা। গত রোববার দুপুরেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধে৵ ঝগড়া হয়। পরে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধূর বাড়িতে গিয়ে বসতঘরের মেজে থেকে লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূর ভাই অন্তর হোসেন দাবি করেন, ইয়াসমিনের স্বামীর অনেক ঋণ রয়েছে। ঋণের টাকা জোগাড়ের জন্য তিনি ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেন।
দেবীদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনা নিশ্চিত হওয়া যাবে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে নির্জনা রানী দাস (১৬) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদরের মুক্তিরচর নয়াপাড়া এলাকার বাসিন্দা মনীন্দ্র চন্দ্র দাসের মেয়ে এবং কলমাকান্দা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও নিহত নির্জনা রানীর পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে নদী থেকে গোসল সেরে মা রাধা রানী ঘরে ফিরে আড়ার সঙ্গে নির্জনার লাশ ঝুলতে দেখেন। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
বাবা মনীন্দ্র চন্দ্র বলেন, ‘কী কারণে এমনটা হয়েছে আমরা বুঝতে পারছি না।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ বছরের অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার গঙ্গাসাগর এলাকার রেললাইনের পশ্চিম পাশে প্যান্ট-শার্ট পরা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আখাউড়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।