রায়পুরে বয়লার বিস্ফোরণে চার শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে আবারও বয়লার বিস্ফোরণে চার শ্রমিক আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ওই বাজারের আলী হোসেনের সয়াবিনের বয়লারে এ বিস্ফোরণ ঘটে। বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকেরা হচ্ছেন পান্নু (২২), ইউসুফ (৩০), জাহাঙ্গীর (২৮) ও ফারুক (৩২)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরচর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম হাওলাদার জানান, অননুমোদিতভাবে এখানে পাঁচটি বয়লার স্থাপন করা হয়েছে। এগুলো আবাসিক এলাকায় হওয়ায় এলাকাবাসীর জীবনও ঝুঁকিতে রয়েছে। হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, মাত্রাতিরিক্ত গ্যাস জমার কারণে বয়লারে বিস্ফোরণ হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কোনো মামলা হয়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।