রায়পুরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতি কার্ডে ১০ কেজি দেওয়ার নিয়ম থাকলেও গতকাল বৃহস্পতিবার অনেকের স্বাক্ষর না নিয়েই আট থেকে সাড়ে আট কেজি করে চাল দেওয়া হয়। এ নিয়ে দুস্থ লোকজনের সঙ্গে চেয়ারম্যান নাজমুল হুদা ও তাঁর অনুসারীদের বাগিবতণ্ডা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে কেরোয়া ইউনিয়নে ১৪ মেট্রিক টন ৭০০ কেজি ভিজিএফের চাল বরাদ্দ করা হয়। দুস্থ ও অসহায়দের ১০ কেজি করে এ চাল দেওয়ার নিয়ম রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ শুরু হয়।ওই ইউনিয়নের বাসিন্দা ইসমাইল ও ফাতেমা আক্তার জানান, তাঁরা বাইরে চাল এনে ওজন করে দেখেন, আট কেজি করে রয়েছে। ওজনে কম দিয়ে তাঁরা অতিরিক্ত চালগুলো বাজারে বিক্রি করে দেয়। তাঁদের একটি করে কার্ড দেওয়া হলেও অনেককে পাঁচ-সাতটি করে কার্ড দেওয়া হয়েছে। অথচ ওই সব পরিবারের লোকজন বিদেশেও থাকে।কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নাজমুল হুদা বলেন, বিভিন্ন ঘাটতির কারণে প্রায় আধা কেজি করে চাল কম দেওয়া হয়। লোকজনের বাড়াবাড়ির কারণে পুলিশ এনে চাল বিতরণ করা হয়েছে।রায়পুর সহকারী উপপরিদর্শক সুভাষ পাল জানান, চাল বিতরণে যেন কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য তাঁরা ইউনিয়ন পরিষদে অবস্থান নেন। দুপুরের মধ্যে চাল বিতরণ শেষ হয়ে গেছে বলে তিনি জানান।এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামকে একাধিক মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।