রায়পুরে মডেল টেস্টের নামে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক হাজার ৭৩৬ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীর কাছ থেকে মডেল টেস্টের নামে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে এক লাখ ৭৩ হাজার ৬০০ টাকা আদায় করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর উপজেলায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এক হাজার ২৯১ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় এবং ২০টি মাদ্রাসা থেকে ৪৪৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এসব ছাত্রছাত্রীর নিজ নিজ বিদ্যালয় ও মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে মডেল টেস্ট নেবে। ৫ জানুয়ারি মডেল টেস্ট শুরু হয়। আর শেষ হয় ৯ জানুয়ারি। এ জন্য মাধ্যমিক শিক্ষা কার্যালয় প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ১০০ টাকা হারে ফি নেন। সে হিসেবে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী এক হাজার ৭৩৬ জন ছাত্রছাত্রীর কাছ থেকে এক লাখ ৭৩ হাজার ৬০০ টাকা আদায় করা হয়।রায়পুর মার্চেন্টস একাডেমির সহকারী শিক্ষক মোস্তফা ফারুকী জানান, তাঁদের বিদ্যালয় থেকে ১৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। মডেল টেস্টের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা হারে নিয়ে ১৩ হাজার টাকা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে দেওয়া হয়। পরে প্রশ্ন ও কাগজের জন্য ছাত্রছাত্রীপ্রতি মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে ২০ টাকা করে দেওয়া হয়। বাকি ৮০ টাকা শিক্ষা কার্যালয় রেখে দেয়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, মডেল টেস্টের নামে এক লাখ ৭০ হাজার টাকা ওঠানো অযৌক্তিক। এ টাকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে নানা জবাবদিহি করতে হচ্ছে।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মডেল টেস্ট নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু কোনো ধরনের ফি নেওয়ার নিয়ম নেই।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুইয়া মডেল টেস্টের নামে ফি নেওয়ার নিয়ম নেই স্বীকার করে বলেন, ‘মডেল টেস্টের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। প্রশ্ন ও কাগজসহ বিভিন্ন খাতে খরচের পর ৫০ টাকা করে শিক্ষা উন্নয়ন তহবিলে জমা দেওয়া হবে।’ গরিব পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষা উন্নয়ন তহবিলে দেওয়ার বৈধতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী বছর থেকে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে ওই তহবিলে আর টাকা জমা দেওয়া হবে না।’