রায়পুরে মরে গেছে পাঁচ শতাধিক পুকুরের মাছ
লক্ষ্মীপুরের রায়পুরে গত তিন দিনে পাঁচ শতাধিক পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। শনিবার হঠাৎ করেই মাছ মরা শুরু হয়। গতকাল সোমবারও উপজেলার বিভিন্ন স্থানে মাছ মরা অব্যাহত ছিল। স্থানীয় মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ছয় হাজার ছোট-বড় পুকুর রয়েছে। এর মধ্যে পাঁচ শতাধিক পুকুরের মাছ গত কয়েক দিনে মরে গেছে। কাতল, মৃগেল, কার্পিও, সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। বামনী গ্রামের মৎস্যচাষি কামরুল হাসান বলেন, ‘আমি দুটি পুকুরে মাছের চাষ করি। প্রায় লক্ষাধিক টাকার মাছ এখানে রয়েছে। এই মাছের অধিকাংশই মরে গেছে।’ চরপাতা গ্রামের পুকুরমালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় বেশ কিছু পুকুরের মাছ মরে গেছে।’ বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালেহ আহামঞ্চদ বলেন, ‘আমার পুকুরেরও মাছ মরে গেছে। কী কারণে এটি হয়েছে, তা জানা নেই।’ এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, মাছ মরার বিষয়টি তিনি জেনেছেন। যে পুকুরে গভীরতা কম, তার পানির তাপমাত্রা বেড়ে যায়। তা ছাড়া, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অক্সিজেনেরও অভাব দেখা দেয়। এসব কারণে মাছ মারা যেতে পারে। এ অবস্থায় মৎস্যচাষিদের ঢেউ সৃষ্টি করে পুকুরে অক্সিজেন প্রবেশ করানোর পরামর্শ দেওয়া হয়েছে।