রায়পুরে মাঠে নেই আ.লীগ বিএনপি ও জামায়াত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আর এলাকায় দেখা যাচ্ছে না। এ অবস্থায় চার দিন ধরে উপজেলার রাজনৈতিক ময়দান অনেকটাই শূন্য। সবাই আত্মগোপনে থাকলেও এসব নেতা-কর্মীর পালিয়ে থাকার কারণ এক নয়।
তবে একেক দলের নেতা-কর্মীরা একেক কারণে এলাকা ছাড়লেও সবাই আবার শিগগিরই ফেরার আশা করছেন। এদিকে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল চলছে।
ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এলাকায় দেখা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর জামায়াত-শিবির রায়পুরজুড়ে তাণ্ডব চালায়।
১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলেও তার আগেই ওই দিন ভোরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন জামায়াত-শিবিরের লোকজন।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামশেদ কবির বাকি বিল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল এবং ভাইস চেয়ারম্যান শাহজাহানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পৌর যুবলীগের আহ্বায়ক শামছুল আলমের মালিকানাধীন সেবা হাসপাতালে ভাঙচুর চলে।
সর্বশেষ ১৫ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবির। এসব ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করতে থাকেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ অবস্থায় তাঁরা আত্মগোপন করেন।
উপজেলা আওয়ামী লীগের নেতা ইসমাইল খোকন জানান, জামায়াত-শিবিরের তাণ্ডবে দলের নেতা-কর্মীরা হতভম্ব হয়ে পড়েছেন। অনেক নেতা জীবন বাঁচাতে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। নেতাদের না পেয়ে কর্মীরাও আত্মগোপন করেছেন। তবে শিগগির তাঁরা এলাকায় ফিরে আসবেন বলে জানান এ নেতা।
বিএনপির নেতা-কর্মীরা জানান, ১২ ডিসেম্বর লক্ষ্মীপুর শহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসায় র্যাব অভিযান চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
এরপর ১৬ ডিসেম্বর সোমবার র্যাবের অভিযানে উপজেলার দিঘলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নিহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাঁরাও আত্মগোপন করেন। চার দিন ধরে তাঁদেরও কাউকে মাঠে দেখা যাচ্ছে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি চিকিৎসার জন্য ঢাকায় এসেছি। শুনেছি র্যাব রাতে নেতা-কর্মীদের বাসায় বাসায় ঢুকছে। তাঁরা মিছিল-মিটিং পর্যন্ত করতে পারছেন না। এ অবস্থায় সংগত কারণেই দলের নেতা-কর্মীরা উদ্বিগ্ন।’
এদিকে শিবিরের উপজেলা শাখার ১১ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। জামায়াতের নেতাদের পরিচালিত আইডিয়াল স্কুলেও আগুন দেয় লোকজন। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ১৪ ডিসেম্বর রাতে র্যাবের গুলিতে জেলা জামায়াতের নায়েবে আমির ফয়েজ আহাম্মেদ নিহত হন। এসব ঘটনা সামাল দিতে দলীয় কৌশল হিসেবে কিছুদিন আত্মগোপনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ কারণে তাঁদেরও আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান পাটওয়ারী প্রথম আলোকে বলেন, পরিস্থিতি সামাল দিতে নেতা-কর্মীরা নিরাপদে আছেন। তবে সাংগঠনিক কার্যক্রম থেমে নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে। উপজেলার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।