রায়পুরে মালামালসহ দোকান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুরের মাতব্বরহাটে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মালামালসহ একটি ওয়ার্কশপ দোকান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাওয়ার টিলারে করে দোকানের মালমাল নিয়ে পালানোর সময় গ্রামবাসী পাওয়ারটিলারটি আটক করে।এ সময় দুর্বৃত্তরা গ্রামবাসীর ধাওয়ার মুখে পালিয়ে যায়। দোকানের মালিক মো. শাহজাহান জানান, ‘ওয়ার্কশপটি মমতাজেন্নছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সামনে থেকে সরিয়ে নিতে চাপ দেন প্রভাবশালী ব্যক্তিরা। এ ঘটনায় একাধিকবার সালিস বৈঠকও হয়। সালিসে আমি দোকানের মালিক প্রমাণিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ব্যক্তিরা। এর জের ধরে স্থানীয় মো. ইউছুফ ও বিপ্লব দলবল নিয়ে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দোকানটিতে ভাঙচুর চালিয়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যান।’সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। গ্রামবাসী রাতেই দোকানের টিন, ওয়ার্কশপের লোহার মালামালসহ পাওয়ার টিলার আটক করে আমার জিম্মায় রেখেছে।’এ ব্যাপারে মমতাজেন্নছা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলম জানান, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। বৃহস্পতিবার দুপুরে আমি বিদ্যালয় থেকে নোয়াখালীতে আসি। শাহজাহানের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির লোকজনের জমি পাওনা নিয়ে কথাবার্তা চলছিল।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।