রায়পুরে মেঘনা নদীতে ১০ দিনে ২৫টি ডাকাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে। জেলেদের দাবি, ১০ দিনে মেঘনায় কমপক্ষে ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত তিন মাসে ঘটেছে শতাধিক ডাকাতির ঘটনা।জেলেরা বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে অনেক জেলেকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। জলদস্যুতা রোধে নৌ-পুলিশের সার্বক্ষণিক টহলের দাবি জানিয়েছেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার দক্ষিণ চরবংশী, উত্তর চরবংশী, দক্ষিণ চর আবাবিল ও উত্তর চর আবাবিল ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। জেলেরা বলেন, এমনিতে মেঘনায় এখন আর আগের মতো ইলিশ পাওয়া যায় না। তার ওপর জলদস্যুদের উৎপাতে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।চরবংশী নাইয়াপাড়ার জেলেরা জানান, ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মেঘনায় কমপক্ষে ২৫টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার চরবংশীর রহিস মাঝি নৌকা নিয়ে একদল জেলে মাছ ধরতে যান। রাত ১২টার দিকে ১০-১১ জন জলদস্যু ওই নৌকায় হামলা চালিয়ে জেলেদের মারধর করে জাল ও মাছ লুটে নিয়ে যায়। গত ২৭ জুন রাতে ইমান হক মাঝির নৌকা নিয়ে আরেক দল জেলে মাছ ধরতে যান। তাঁরা মেঘনার শশীগঞ্জ এলাকায় জলদস্যুর কবলে পড়েন। জলদস্যুরা তাঁদের তিন লাখ টাকার জাল নিয়ে যায়। গত ২৫ জুন রাতে মেঘনায় তিনটি পৃথক ডাকাতির ঘটনা ঘটে। তিনটি ঘটনায় জলদস্যুরা সাত লাখ টাকার জাল, মাছ ও নগদ টাকা লুটে নিয়ে যায়। ওই তিনটি ডাকাতির ঘটনায় জলদস্যুরা সবুজ, মফিজ মিয়া, কালাম উদ্দিন, আমির হোসেন ও জাকির হোসেন নামের পাঁচ জেলেকে মারধর করে।রায়পুর খাসেরহাট মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মো. মোস্তফা বেপারী বলেন, প্রতিবছর ইলিশের ভরা মৌসুমে মেঘনায় জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। গত তিন মাসে নদীতে শতাধিক দস্যুতার ঘটনা ঘটেছে।জেলেদের নিয়ে কাজ করে বেসরকারি উন্নয়ন সংস্থা—কোডেক। সংস্থাটির জেলা সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, জলদস্যুরা একের পর এক জেলেদের ওপর হামলা চালাচ্ছে। দস্যুতা রোধে নদীতে টহল জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সংস্থার পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে।উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ইলিশ মৌসুমে জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। এবারও কয়েকটি দস্যুতার কথা শোনা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিহারী কুমার নদীতে জলদস্যুতার কথা স্বীকার করে বলেন, স্পিডবোট বা নৌযান না থাকায় নদীতে টহল দেওয়া যায় না। এ কারণে নদীতে জলদস্যুদের হামলা রোধ করা যাচ্ছে না।