রায়পুরে মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাঁচটি মাছের ঘাটে প্রায় সাত হাজার জেলের কাছ থেকে খাজনার নামে প্রতিদিন চাঁদা আদায় করছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও জেলেরা অভিযোগ করেছেন। সূত্র জানায়, ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার মাছঘাটগুলোকে মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতায় নিয়ে নেয়। একই বছরের নভেম্বর মাসের খাজনা আদায়ের জন্য করপোরেশন একজন কর্মকর্তাসহ আটজন কর্মচারীকে নিয়োগ দেয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে সন্ত্রাসীরা মাছঘাটগুলোতে হামলা চালায়। এরপর কর্মকর্তা-কর্মচারীরা থানায় ডায়েরি (জিডি) করে ঢাকায় ফিরে যান। পরে সন্ত্রাসীরা ওই তিনটি মাছঘাটের নিয়ন্ত্রণ নেয় ও বাকি দুটি ঘাট বসিয়ে এসব ঘাটে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় শুরু করে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মাছঘাটগুলোতে চাঁদা আদায় বন্ধ থাকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই আবার দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন মোল্লা ও তাঁর ভাই মনির হোসেন মোল্লার লোকজন ঘাটে খাজনা আদায় শুরু করেন। চরবংশী গ্রামের মাহাবুব মাঝি জানান, ঘাট দখলকারী প্রভাবশালী ব্যক্তিরা মাছঘাটগুলোতে চাঁদা আদায় করছেন। চরকাছিয়ার জেলে কামরুল হোসেন ও ফিরোজ আলম বলেন, ‘সারা দিন মাছ ধরে ঘাটে বিক্রি করতে এলেই সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়। না দিলে সন্ত্রাসীরা আমাদের পিটিয়ে আহত করে এবং জাল পুড়িয়ে ফেলে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।’যোগাযোগ করা হলে দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন মোল্লা ও তাঁর ভাই মনির হোসেন মোল্লা বলেন, ‘জেলেদের আমরা দাদনে টাকা দিই। এ জন্য জেলেরা আমাদের কাছে মাছ বিক্রি করে।’