রায়পুরে যুবককে অপহরণের পর নির্যাতনের অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক যুবককে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের বাবা অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কাছে লিখিত অভিযোগ করেছেন। অপহরণকারীরা ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফেজ আহাম্মদ লিখিত অভিযোগে জানান, ১৮ ডিসেম্বর বিকেলে পাটওয়ারীর রাস্তা এলাকা থেকে তাঁর ছেলে আবুল কাশেমকে (৩২) অপহরণ করা হয়। অপহরণকারী সাখাওয়াত হোসেন, মাসুদ উদ্দিন, জসিম উদ্দিন, জাকির হোসেন, মো. ফখরুদ্দিন ও মো. আমিন তাঁর ওপর নির্যাতন চালান। তাঁরা মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে কাশেমকে গোপন আস্তানায় নিয়ে হাত-পা বেঁধে বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখা হয়। কাশেম পানি চাইলে দুর্বৃত্তরা মুখে প্রস্রাব ও মদ ঢেলে দেয়। একপর্যায়ে প্রচণ্ড শীতের মধ্যে তাঁকে খালি গায়ে বাথরুমে আটকে শরীরে পানি ঢেলে দেওয়া হয়। পরদিন সকালে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ২০ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান কামালের মাধ্যমে জসিমকে ৭০ হাজার টাকা দিলে তাঁরা কাশেমকে ছেড়ে দেন। শাহজাহান কামাল বলেন, ‘আমার উপস্থিতিতে টাকা দেওয়া হয়। কিন্তু হাফেজ আহাম্মদ তাঁর ছেলেকে অপহরণের পর নির্যাতনের বিষয়টি দুই দিন পরে আমাকে জানিয়েছেন।’ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনিক ও রাজনৈতিক সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।অভিযুক্ত মাসুদ উদ্দিন নিজেকে রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দাবি করে বলেন, ‘কাশেম একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে যান। এ জন্য আমরা তাঁকে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করি। তবে তাঁকে নির্যাতন করা হয়নি।’ জসিম উদ্দিন বলেন, ‘টাকা নিয়েছি তো কী হয়েছে? এ ব্যাপারে কোনো কথা বলব না।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নির্যাতিত যুবকের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের এজাহার দিতে বলেছি।’