রায়পুরে যুবদল-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, ২ পুলিশ আহত
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে গতকাল শনিবার সকাল ১০টার দিকে যুবদল নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। যুবদল কর্মীদের ইটের আঘাতে পুলিশের এক উপপরিদর্শক আবুল বাশারসহ দুই পুলিশ সদস্য আহত হন। কেরোয়া যুবলীগের নেতা মিরাজ হোসেন পাটওয়ারী হত্যা মামলার আসামি উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ ২০ দলীয় নেতা-কর্মীর মুক্তির দাবিতে যুবদল বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানী বলেন, যুবদলের মিছিলে পুলিশ বিনা উসকানিতে বাধা দেয়। এতে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। মিথ্যা মামলায় কারাগারে থাকা নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আহত হওয়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।