লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে গত শুক্রবার রাতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবলীগের এক নেতাসহ ১২ জন আহত হয়েছেন।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লক্ষ্মীপুর আগমন উপলক্ষে শুক্রবার রাতে কলাকোপা এলাকায় যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। পরে আধিপত্য বিস্তার নিয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি মুরাদ হোসেন ও সাবেক সভাপতি মো. হিরণের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের সাতজন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের সময় দুই পক্ষকে থামাতে গিয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, তাঁর ছোট ভাই যুবলীগের কর্মী সালেহ আহাম্মদ, আবদুল মতিন, ফয়সাল ও রুবেল আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে যুবলীগের নেতা হারুনুর রশিদ ও যুবদলের কর্মী আবদুর রহমানকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।যোগাযোগ করা হলে মুরাদ ও হিরণ সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেন।হাসপাতালে চিকিত্সাধীন যুবলীগের নেতা হারুন বলেন, ‘এলাকার শান্তিশৃঙ্খলার কথা ভেবে দুই পক্ষকে থামাতে গেলে তারা আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় আমি মামলা করব।’বামনী ইউনিয়ন যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি বাহার পাটওয়ারী মুঠোফোনে বলেন, ‘যুবলীগের নেতা হারুনের আহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। দলীয় সভানেত্রীর জনসভা শেষ হলে বিষয়টি নিয়ে আমরা দলীয়ভাবে বসব।’রায়পুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শেখাব উদ্দিন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।