লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইসহাকিয়া মৈত্রী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র আইচকে গত শুক্রবার বিকেলে রাস্তার ওপরে পিটিয়ে আহত করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এ হামলা করা হয়। এ নিয়ে গতকাল শনিবার শিক্ষক সমিতির নেতারা জরুরি বৈঠক করেছেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।এ ঘটনায় ওই দিন রাত ১১টার দিকে প্রধান শিক্ষক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। এতে উপজেলা যুবদলের সদস্যসচিব এমরান হোসেনকে প্রধান করে সাত ব্যক্তির নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়। আহত প্রধান শিক্ষক রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন ৪ আগস্ট (আজ) হওয়ার কথা। শিক্ষকদের তিনটি ভোট এমরান হোসেনকে দেওয়ার জন্য তিনি প্রধান শিক্ষক শংকর চন্দ্র আইচকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় এমরান তাঁকে কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন। শুত্রবার বিকেলে তিনি মোটরসাইকেলে করে রায়পুরে আসার পথে উত্তর কোরোয়া মালি বাড়ি বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে নামিয়ে এমরান ১০-১১ সহযোগী নিয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁকে আহত করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা জাকির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকেও মারধর করা হয়। ঘটনার সময় মামলার আসামিরা ৩০ হাজার টাকা নিয়ে যান।উপজেলা যুবদলের সদস্যসচিব এমরান হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, কে বা কারা প্রধান শিক্ষককে পিটিয়েছেন, তা তিনি জানেন না। আর তিনি কখনো হুমকি-ধমকিও দেননি।জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের বলেন, ন্যক্কারজনক ঘটনায় শিক্ষকেরা জরুরি বৈঠকে বসেছেন। জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে আজ রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দেওয়া হবে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, প্রকাশ্যে রাস্তার ওপরে একজন শিক্ষককে পেটানোর ঘটনাটি দুঃখজনক। এ নিয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।