লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটওয়ারী (২২) হত্যার ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মামলা হয়েছে। ইউনিয়নের পূর্ব কেরোয়া গ্রামের মিরাজের মা রানী বেগম বাদী হয়ে এ মামলা করেন।এতে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাসসহ যুবদল-ছাত্রদলের ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আটজনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি করা হয়েছে ইউনিয়ন যুবদল নেতা আবু নেওয়াজ টিপুকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে যুবদল কর্মী মাসুমকে (২৪) আটক করে পুলিশ।মামলার অন্য আসামিরা হলো: উপজেলা যুবদলের সদস্যসচিব এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন পাটওয়ারীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদল-ছাত্রদলের ৩২ নেতা-কর্মী।রায়পুর থানা সূত্র জানায়, উপজেলার ওয়াজ উদ্দিন পুলে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আবু নেওয়াজ টিপুর নেতৃত্বে মামলার আসামিরা মিরাজ হোসেন পাটওয়ারীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে। রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা শান্ত রায়পুরকে অশান্ত করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।