রায়পুরে যুবলীগ ও যুবদলে সংঘর্ষ আহত ১০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের বাবুরহাট বাজারে গত সোমবার সন্ধ্যায় যুবলীগ ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এ সময় যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা একটি স্টেশনারি দোকান ভাঙচুর করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জের ধরে বাবুরহাট বাজারে স্থানীয় যুবদলের কর্মী ইউসুফ হোসেনকে সোমবার সন্ধ্যায় মারধর করেন যুবলীগের কর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে লিপ্ত হন। এতে স্থানীয় যুবদলের নেতা ইউসুফ হোসেন ওরফে বুলু, সোহেল, সেলিম গাজী, মাসুদ চৌকিদার, লিটন রাড়ি, দেলোয়ার রাড়ি, সিরাজ রাড়ি ও যুবলীগের নেতা আলাউদ্দিন, হানিফসহ ১০ জন আহত হন। আহত নেতা-কর্মীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।ইউনিয়ন যুবদলের নেতা আহত বুলু বলেন, ‘আমি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছি। আসার পর যুবলীগের কিছু কর্মী চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় যুবলীগের নেতা শাহজাহান গাজী ও আলাউদ্দিনের নেতৃত্বে আমি ও আমার লোকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।’চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজাহান গাজী চাঁদা দাবি, হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিগত জোট সরকারের আমলে বুলু আমাদের নেতা-কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এ কারণে যুবলীগের উত্তেজিত কর্মীদের সঙ্গে বুলুর বাদানুবাদ হয়।’