রায়পুরে যুবলীগের নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিরন পাঠান নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিটিয়ে তাঁর বাবা মুনছুর পাঠানের ডান হাত ভেঙে দিয়েছে তারা। গত মঙ্গলবার রাত নয়টার দিকে উত্তর রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
একই রাত তিনটার দিকে উপজেলার চরপাতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ লিটনের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
সালেহ জানান, চিৎকার শুনে লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চরমোহনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক কিরন পাঠান মঙ্গলবার রাত নয়টার দিকে উত্তর রায়পুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে এলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে তাঁর বাবা মুনছুর পাঠান এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁকেও পিটিয়ে জখম করে। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। তাঁদের উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে নিলে চিকিৎসকেরা কিরনকে মৃত ঘোষণা করেন।
মুনছুর পাঠান অভিযোগ করেন, গ্রামের দুলাল পাঠানদের সঙ্গে দীর্ঘদিন টাকা-পয়সা ও জমি নিয়ে কিরনের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দিন আগে দুলালদের সঙ্গে কিরনের মারামারি হয়। এর জের ধরে তাঁকে হত্যা করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে কিরনকে হত্যা করা হয়। কিরন পাঠানের শরীরে পাঁচ-ছয়টি কোপের জখম রয়েছে। পুলিশ কিরনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালীতে যুবলীগের নেতার লাশ উদ্ধার: আমাদের নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার তফাদার পোল এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের পাশ থেকে গত মঙ্গলবার ভোরে আহছান উল্লা ওরফে আজাদ (৩০) নামে যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়।
ওই দিন রাতে আহছান উল্লার বড় ভাই জসিম উদ্দিন বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন। দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
আহছান উল্লা স্থানীয় নাজিরপুর গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে ও চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশের মুখ ও মাথা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়েছে।