রায়পুরে শান্তিপূর্ণ দখলের ভোট!
রায়পুর পৌরসভার শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নিচতলা) কেন্দ্র। সকাল নয়টা। আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চার-পাঁচজন কর্মী ব্যালট পেপার টেবিলের ওপর রেখে সিল মারা শুরু করেছেন। বুথ থেকে নারী ভোটারদের বের করে দেন কর্মীরা। ক্ষুব্ধ প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী বললেন, ‘অনেক ভোট দেওয়া হয়ে গেছে। তবে সংখ্যা জানি না।’
সিল মারার ছবি তুলতে গেলে বাধা আসে। তবু তোলা হয় ছবি।
বেলায় ১২টায় যোগাযোগ করা হলে প্রিসাইডিং কর্মকর্তা জানান, এ কেন্দ্রে ১ হাজার ৪৬০ ভোট। ১ হাজার ২০০ ভোট হয়ে গেছে।
এই ছিল গতকাল লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার নির্বাচনের চিত্র। নয়টি কেন্দ্রেই বেলা ১১টার মধ্যে অর্ধেকের বেশি ভোট গ্রহণ শেষ হয়। কেন্দ্রগুলোর বাইরে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রতীক লাগানো ব্যাজ পরা কর্মীরা। অধিকাংশ কেন্দ্রেই পাওয়া যায়নি বিরোধী দলের পোলিং এজেন্টদের। বিএনপির এ বি এম জিলানী নিজেই ভোট দিতে বের হতে পারেননি বলে অভিযোগ করেছেন।
সাড়ে ১০টার দিকে টিউলিপ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, চারটি বুথের পোলিং কর্মকর্তা ও এজেন্টরা বসে আছেন। মাঠ ভোটারশূন্য। কয়েকজন পোলিং কর্মকর্তা জানান, ব্যালট পেপার শেষ। ব্যালটের জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ২ হাজার ৩৩৯ ভোটের মধ্যে ওই সময় দেড় হাজার ভোট গ্রহণ হয়েছে।
রায়পুর স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইসমাইল খোকন ও আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী নাজমুল কাদের গুলজারের এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট ছিল না। বেলা সোয়া ১১টায় ব্যালটে সিল মারার ছবি তুলতে গেলে প্রথম আলোর ফটো সাংবাদিককে বাধা দেন ক্ষমতাসীন লোকজন। সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময়ই আওয়ামী লীগের সমর্থকদের ধাওয়ায় বাড়িতে উঠে যান বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এ বি এম জিলানী। সকাল ১০টার দিকে তিনি সংবাদ সম্মেলন করে পুনর্নির্বাচনের দাবি জানান। তাঁর অভিযোগ, ভোটের আগের দিন রাতে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের কয়েক শ কর্মী রায়পুরে অবস্থান নেন। সকালে তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রগুলো দখলের পর ব্যালট পেপারে সিল মারা শুরু করেন।
আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল খোকন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র এম তাহেরের ভায়রা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, এটি নজিরবিহীন নির্বাচন। শত শত বহিরাগত সন্ত্রাসী এসে রক্তপাত ছাড়া কেন্দ্র দখল করে নিয়েছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাজি ইসমাইল খোকন বলেন, ‘তাহের সাহেব আমার আত্মীয়। তাই এসেছেন। তিনি নির্বাচনে কোনো প্রভাব ফেলেননি।’
রিটার্নিং কর্মকর্তা মো. সোহেল সামাদ বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগ সঠিক নয়।’