রায়পুরে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছাত্রশিবির গতকাল বুধবার মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশসহ অন্তত ১৬ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের চারজন কর্মীকে আটক করেছে।শিবিরের আটক কর্মীরা হলেন: আশরাফুল আলম, জাকির হোসেন, মো. ওসমান ও মো. ফরহাদ হাসান।পুলিশের ভাষ্যমতে, বৃষ্টি উপেক্ষা করে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের আলিয়া মাদ্রাসার মোড় থেকে শিবিরের নেতা-কর্মীরা হঠাৎ একটি জঙ্গি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মূল ফটকে আসে। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। শিবিরকর্মীরা তাতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এসআই আবুল কালাম আজাদ, এএসআই আবদুর রহিম, কনস্টেবল নীল কমল ঢালী, আমির হোসেন, নুরুল্লাহ ও মহিব উল্লাহ আহত হন। তাঁরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।শহর ছাত্রশিবিরের সভাপতি মাছুম বিল্লাহ দাবি করেন, মাহে রমজানকে স্বাগত জানিয়ে শিবির শহরে মিছিল করে। কিন্তু পুলিশ বিনা উসকানিতে ওই মিছিলে বাধা দেয় এবং তাঁদের চার নেতা-কর্মীকে আটক করে। পুলিশের হামলায় শিবিরের ১০ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।