রায়পুরে শিবিরের হামলায় চার পুলিশ আহত, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে গতকাল মঙ্গলবার পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে পুলিশের একজন কর্মকর্তাসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় শিবিরের দুজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের মসজিদের সামনে থেকে শিবিরের উপজেলা সভাপতি আলী আহামঞ্চদের নেতৃত্বে ৪০-৫০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি মুড়িহাটা এলাকায় পৌঁছালে পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ করে ইট ও পাথর ছুড়ে মারেন। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামছুল হক, কনস্টেবল আমির, মো. নুরুল্লাহ ও নায়েক লুৎফর রহমান আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থল থেকে মো. নুর নবী ও আবদুর রহমান নামের দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা গত হরতালের সময় গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় করা একটি মামলার আসামি।আলী আহামঞ্চদ বলেন, বিনা উসকানিতে পুলিশ মিছিলে বাধা দেয়। এতে মিছিলকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পুলিশ শিবিরের দুজন নির্দোষ কর্মীকে গ্রেপ্তার করেছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, নুর নবী ও আবদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।