রায়পুরে শীতে নষ্ট হচ্ছে বরজের পান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কৃষকের বরজের পান নষ্ট হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে টানা শীত ও ঘন কুয়াশার কারণে পান হলদে হয়ে ঝরে পড়ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন দেড় হাজারের বেশি কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর বাবুল বলেন, শীতজনিত (কোল্ড ইনজুরি) কারণে বরজের পান নষ্ট হয়ে যাচ্ছে। পানের ক্ষতি এড়াতে কৃষকদের বরজের চারপাশ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
রায়পুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ৩৫০ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। এসব জমিতে ২ হাজার ৩৯৬টি বরজ রয়েছে। ১ হাজার ৬৫০ জন কৃষক পান চাষের সঙ্গে জড়িত। এর সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জীবিকা সম্পৃক্ত। উপজেলার উত্তর চর আবাবিল ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে পানের আবাদ বেশি হয়।
দুই যুগ ধরে পান চাষ করেন ক্যাম্পেরহাট এলাকার হাবিব উল্যা। তিনি বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে ৪ জানুয়ারি থেকে তাঁর বরজে পান ঝরা শুরু হয়। এ কারণে আরও অনেকের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বরজের অধিকাংশ পান ঝরে গেছে।
দক্ষিণ চর আবাবিল গ্রামের কৃষক ফিরোজ আলম ভূঁইয়া বলেন, ‘ধারদেনা করে ৩২ শতাংশ জমিতে পানের আবাদ করেছি। এবার পান ভালো হয়েছে। শীতে বরজের অধিকাংশ পান হলদে হয়ে গেছে। এখন লতা থেকে পানের পাতা ঝরে পড়ছে।’
দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, এই ইউনিয়নে প্রায় ৪০ শতাংশ মানুষ পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। এবার বরজের পান নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কয়েক দিন পর স্থানীয় বাজারে পানের সংকট দেখা দেবে এবং দাম বেড়ে যাবে।