রায়পুরে সংকটে পোলট্রি শিল্প
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুরগির খামার (পোলট্রি) ব্যবসা সংকটের মুখে পড়েছে। দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ওষুধসহ প্রয়োজনীয় উপকরণের মূল্যবৃদ্ধি ও বাজারে মুরগির দাম কমায় পোলট্রি শিল্পে এ মন্দা দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি খামার বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন খামারিরা।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, উপজেলায় নিবন্ধিত মুরগির খামার ২৮৯টি। এর মধ্যে ২৭২টি ব্রয়লার মুরগির, বাকিগুলো লেয়ার মুরগির। তবে মুরগির খাদ্যের ব্যবসায়ীরা বলছেন, ওই তালিকার বাইরে উপজেলায় আরও দুই শতাধিক খামার রয়েছে।খামারি সূত্রের বর্ণনা অনুযায়ী, উপজেলার প্রায় ৫০০ খামারে বিনিয়োগ প্রায় সাড়ে চার কোটি টাকা। বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধি ও মুরগির দাম কমায় ইতিমধ্যে খামারিদের অন্তত ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। তাই এই শিল্পে জড়িত ২০ হাজার লোকের ভবিষ্যৎ হুমকির মুখে।খামারি ও স্থানীয় সূত্রে জানা যায়, লাভজনক হওয়ায় শিক্ষিত যুবকদের অনেকে পোলট্রি ব্যবসায় নামেন। ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ (এনজিও) বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে তাঁরা মুরগির খামার গড়ে তোলেন। কিন্তু এক বছর আগে বিভিন্ন উপকরণের দাম বেড়ে যায়। বর্তমানে উৎপাদন খরচের চেয়ে উৎপাদিত মুরগির দাম অনেক কম হওয়ায় এই ব্যবসা ধ্বংসের দ্বারপ্রান্তে।বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে গত দুই মাসে মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কমে গেছে। উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, দুই মাস আগে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে, ঊষা কোম্পানির ৫০ কেজির এক বস্তা মুরগির খাবারের দাম ১৭০০ থেকে বেড়ে হয়েছে ১৮০০ টাকা। ফ্রেশ ও নুরানী ১৬০০ থেকে বেড়ে ১৭৫০ টাকা এবং প্যারাগন ১৭০০ থেকে বেড়ে ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রায় দ্বিগুণ বেড়েছে মুরগির ওষুধের দামও।মুরগির খাদ্য ব্যবসায়ী ও খামারি সূত্র জানায়, ৩০ টাকা দিয়ে একটি বাচ্চা মুরগি কিনতে হয়। এরপর খাবার, ওষুধ, বিদ্যুৎসহ সব খরচ মিলিয়ে একটি মুরগির পেছনে খামারির এক মাসে খরচ হয় ১৫০ টাকা। বাচ্চা মৃত্যুর হার বেড়ে গেলে এ খরচ আরও বেশি হয়। কিন্তু প্রতিটি মুরগি বিক্রি করতে হয় ১৪০ টাকা।খামার মালিক মিজানুর রহমান পাটোয়ারী বলেন, হ্যাচারিতে একটি মুরগির বাচ্চা উৎপাদনে ১৭-২০ টাকা ব্যয় হয়। হ্যাচারি মালিকেরা এ বাচ্চা এজেন্টদের কাছে বিক্রি করেন ২৫ টাকা করে। এজেন্টদের কাছ থেকে খামারিরা তা কেনেন ৩০-৩২ টাকায়। কিন্তু বাচ্চার মান খারাপ হলে মুরগি তেমন বড় হয় না। এতে লোকসানের মুখে পড়তে হয়।জান্নাত পোলট্রি ফিডের মালিক ওমর ফারুক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আগে ১৯টি খামারে ওষুধ, বাচ্চা ও খাদ্য সরবরাহ করতাম। এর মধ্যে ১০টি খামার বন্ধ হয়ে গেছে।’পোলট্রি শিল্পে চলমান মন্দার কথা নিশ্চিত করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল মোতালেব বলেন, ‘বাজার-পরিস্থিতির উন্নতি হলে বন্ধ হওয়া খামারগুলো আবার চালু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’