রায়পুরে সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৭
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর বংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।জানা যায়, নাইয়াপাড়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন মাস্টারের (প্রতীক দেয়ালঘড়ি) পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ নিয়ে আলতাফ হোসেন মাস্টারের এক সমর্থকের সঙ্গে অপর চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের (প্রতীক আনারস) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন, আলমাস হোসেন, করিম আলী, মো. জহির, মো. সাগর, আনোয়ার হোসেন ও মোস্তফা মিয়া আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।আলতাফ হোসেন মাস্টার বলেন, ‘আলতাফ হোসেন আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। বিষয়টি জানতে চাইলে তিনিসহ তাঁর সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’ অন্যদিকে আলতাফ হোসেন বলেন, ‘আমার নির্বাচনী কার্যালয়ের সঙ্গে আলতাফ মাস্টারের পোস্টার লাগানো হয়েছিল। কার্যালয়ের দরজা লাগাতে গেলে পোস্টারটি ছিঁড়ে যায়। এ নিয়ে তাঁর লোকজন আমাকে ও আমার সমর্থকদের পিটিয়ে আহত করেছে।’