রায়পুরে সওজের জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ২৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সদরের বাঁশরী সিনেমা হল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ২০ শতাংশ জমি দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই জমি দখল করতে গেলে গত বুধবার এলাকাবাসীর সঙ্গে দখল করতে আসা এক ব্যবসায়ী ও তাঁর লোকজনের সংঘর্ষ হয়। এতে মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়। এলাকাবাসী জানান, দেবীপুর গ্রামের আলম নামের এক ব্যবসায়ী গত বুধবার বিকেলে শতাধিক লোক নিয়ে সওজের জমি দখল করার জন্য মাটি ফেলতে শুরু করে। এলাকাবাসী সরকারি জমিতে মাটি ভরাট না করার জন্য বলেন। এ সময় আলমের লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে এলাকাবাসী পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ব্যবসায়ী আলমসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়। ব্যবসায়ী আলম বলেন, ‘আমি ওই এলাকার প্রায় নয় শতাংশ জমি কিনেছি। আমার ওই জমির সামনের সরকারি জমি আমিই তো ভোগদখল করব। ওই জমি দখল করতে গেলে এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোক আমি ও আমার লোকজনের ওপর হামলা চালায়।’রায়পুর থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় আলম গত বৃহস্পতিবার রাতে থানায় তাঁকে ও তাঁর লোকজনের ওপর হামলা চালানোর অভিযোগে মামলা করেছেন। সওজের রায়পুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. অলি উল্লা বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’