রায়পুরে সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরমোহনা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল রোববার সকালে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা একটি বসতঘর পুড়িয়ে দিয়েছে। সন্ত্রাসীরা টাকা, মালামাল, গরু-ছাগলও লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) পাঁচজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের বহনকারী সাতটি অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী আয়াত উল্লাহ রায়পুর থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চরমোহনা ইউনিয়নের দক্ষিণ চরমোহনা গ্রামের আয়াত উল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলার ইউসুফ পাটওয়ারীর কাছ থেকে আট মাস আগে ১৯ শতাংশ জমি কেনেন। সেখানে তিনি ঘর নির্মাণ করে বসবাস করছেন। গত কয়েক মাস ধরে ইউসুফ পাটওয়ারীর আত্মীয় আলী পাটওয়ারী ওই জমির মালিকানা দাবি করেন। গতকাল সকাল দশটার দিকে আলী পাটওয়ারীর ছেলে নাহিদ ও জিল্লুর নেতৃত্বে অন্তত ২৫টি অটোরিকশায় করে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা আয়াত উল্লাহর স্ত্রী মোবাশ্বেরা (৪৫) বেগমকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। তাঁরা মেবাশ্বেরা, স্থানীয় আবদুল লতিফ (৫০), জাহেদা (২৫), তাছলিমা (২২), সানজুকে (২) পিটিয়ে আহত করেন। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ সেখানে গেলে সন্ত্রাসীদের হামলায় এসআই আবদুল মালেক আহত হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আয়াত উল্লাহর মেয়ে পারভিন জান বলেন, সন্ত্রাসীরা আমাদের ঘর পুড়িয়েও ক্ষান্ত হয়নি, তারা আমাদের দুুইটি গরু, একটি ছাগল, সেলাই মেশিনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।অভিযুক্ত নাহিদ ও জিল্লুর বলেন, আয়াত উল্লাহর সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। সে আমাদের ফাঁসানোর জন্য নিজের ঘরে নিজে আগুন দিয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সন্ত্রাসীদের বহনকারী সাতটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।