রায়পুরে সমবায়ীদের ১০০ খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মিল্ক ভিটায় দুধ সরবরাহকারী ১০০টি খামার বন্ধ হয়ে গেছে। গো-খাদ্যসংকট, দাম বৃদ্ধি, পরিবহন সমস্যা ও দুধের কম দাম পাওয়ার কারণে গত দুই-তিন বছরে খামারগুলো বন্ধ হয়ে যায়। বর্তমানে বাকি ১০টি খামারও লোকসানের মুখে রয়েছে।
রায়পুরের মিতালী বাজার এলাকায় ২০০২ সালে মিল্ক ভিটার ‘দুধ শীতলীকরণ’ কারখানার কার্যক্রম শুরু হয়। তখন মিল্ক ভিটার উদ্যোগে এলাকায় নানা সমবায় সমিতি গড়ে ওঠে। মিল্ক ভিটা সমবায়ীদের কাছ থেকে দুধ কিনে এ কারখানায় ঠান্ডা করে। এরপর দুধ মিল্ক ভিটার ঢাকার মিরপুরের প্রধান কারখানায় পাঠানো হয়।
মিল্ক ভিটার সমিতি সংগঠক মো. ফারুক অর রশিদ জানান, শুরুতে সমিতির সংখ্যা ছিল ৭৩টি। তখন প্রত্যেক সমিতিতে সদস্যের সংখ্যা ১৫ থেকে ৩৫ জন ছিল। এ সমিতির সদস্যদের ১১০টি খামার ছিল। কিছু সদস্যের খামারে ১০০টি পর্যন্ত গাভি ছিল। আর এখন খামারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০টিতে। বাকিগুলো বন্ধ হয়ে গেছে। গত চার বছরে খড়, ভুসি, খৈলসহ অন্যান্য গো-খাদ্যের দাম বেড়েছে তিন গুণ। গরুর চিকিৎসার খরচও বেড়ে গেছে। এসব কারণে খামারগুলো বন্ধ হয়ে যায়।
উত্তর-পূর্ব উদমারা সমিতির সদস্য মফিজুর রহমান বলেন, ‘আমার খামারে ৩০-৩৫টি গরু ছিল। অব্যাহত লোকসানের কারণে তিন বছর আগে খামার বন্ধ করে দিই।’ তিনি আরও জানান, প্রতিটি গাভির পেছনে দৈনিক গড়ে ৪০০ টাকা খরচ হলেও দুধের দাম তার চেয়ে কম। খরচ বেশি হওয়ায় অনেকে তাঁদের গাভি বিক্রি করে দিয়েছেন।
হাজীমারা খেয়াঘাট সমবায় সমিতির সভাপতি মালেক গাজী জানান, মিল্ক ভিটায় সরবরাহ করা দুধের দাম বাজারদরের তুলনায় কম। মিল্ক ভিটা থেকে গািভর উন্নত চিকিৎসার ব্যয় বহন করলে ও চরাঞ্চলে গািভ পালনের স্থানের (বাথান) জন্য খাসজমি বরাদ্দ দিলে বন্ধ হয়ে যাওয়া সমিতিগুলো আবার চালু হবে। এতে সদস্যরা গািভ পালনে উৎসাহ পাবেন।
মিল্ক ভিটার রায়পুর কারখানা সূত্র থেকে জানা যায়, কারখানাটি চালুর পর দৈনিক দুধ পাওয়া যেত পাচঁ হাজার লিটার। আর এখন পাওয়া যাচ্ছে মাত্র ৭০০-৮০০ লিটার। দুধের চর্বির (ফ্যাট) মান অনুযায়ী স্থানীয় সমিতিগুলো প্রতি লিটার দুধের দাম গড়ে ৩২ টাকা পেয়ে থাকেন।
তবে ব্যবস্থাপক জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। খামারগুলো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’