রায়পুরে সাড়ে ৯ হাজার জেলে সুবিধাবঞ্চিতই ৭ হাজার!
জাটকা (ইলিশের পোনা) নিধন বন্ধে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল—দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য সরকার জেলেদের খাদ্য ও পুনর্বাসন-উপকরণ দেয়। কিন্তু বরাদ্দ কম হওয়ায় প্রায় ৮০ শতাংশ জেলে খাদ্যসহায়তা ও বিকল্প কর্মসংস্থানের উপকরণ থেকে বঞ্চিত হন। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নয় হাজার ৩২৯ জন জেলে রয়েছেন। চলতি জাটকা মৌসুমে সরকার পুনর্বাসনের জন্য দুই হাজার ১৫০ জন জেলে-পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেয়। আর বিকল্প কর্মসংস্থানের উপকরণ জাল বানানোর সুতা দিয়ে সহযোগিতা করে ৭৭টি জেলে-পরিবারকে। এ অবস্থায় সাত হাজার ১০২টি জেলে-পরিবার সম্পূর্ণ সুবিধাবঞ্চিত হয়। এসব জেলে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ চেয়েও পাচ্ছেন না। জানা গেছে, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম করতে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ করা হয়। এ জন্য মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন ১ মার্চ থেকে মেঘনায় সব ধরনের জাল ফেলা বন্ধ রাখবে।চরলক্ষ্মী গ্রামের জেলে মো. কাশেম ও মো. সেলিম জানান, নদীতে মাছ ধরেই তাঁরা সংসার চালান। অন্য কোনো কাজ তাঁদের জানা নেই। দুই মাস মাছ ধরা বন্ধ রাখলে সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়, তা অধিকাংশ জেলেই পান না। নাইয়াপাড়ার জেলে আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই মাস ক্যান্নে চইলাম, তা মনে অইলে বুকডা ধপ করি উডে। মনে অয় আংগো গেরামে দুর্ভিক্ষ লাগছে।’রায়পুর খাসের হাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, জেলের তুলনায় সরকারি বরাদ্দ অপ্রতুল। এ কারণেই সাত হাজারের বেশি জেলে-পরিবার পুনর্বাসনের সুবিধা থেকে বঞ্চিত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ প্রথম আলোকে বলেন, জেলের তুলনায় বরাদ্দ কম। এ জন্য অনেক জেলেকে পুনর্বাসনের আওতায় আনা যায়নি। তবে পর্যাক্রমে তাঁদের পুনর্বাসনের আওতায় আনা হবে।