রায়পুরে সেতুর রেলিং নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর রায়পুর গ্রামে ডাকাতিয়া নদীর ওপর সেতুটির রেলিং নেই পাঁচ বছর ধরে। এ কারণে বিভিন্ন যানবাহন ও উপজেলার চরমোহনা ও রায়পুর ইউনিয়নের হাজার হাজার মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে পারাপার হতে হচ্ছে।
গত কয়েক মাসে এ সেতুর ওপর দিয়ে রাতে চলাচলকারী কয়েকটি মোটরসাইকেল ও রিকশা নিচে নদীতে পড়ে যায়। বিষয়টি লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ, উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের একাধিকবার জানিয়েও সুফল মেলেনি।
স্থানীয় লোকজন জানান, প্রথমে একটি দ্রুতগামী ট্রলির ধাক্কায় সেতুর একপাশের রেলিংয়ের একটি খুঁটি ভেঙে যায়। এর পর থেকে এলাকার মাদকাসক্ত ব্যক্তিরা রেলিং ভেঙে ভেতরের লোহাগুলো খুলে নিয়ে যায়।
উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউছুফ জানান, সেতুটি দুটি ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রেলিং না থাকায় লোকজন চরম আতঙ্কে রয়েছে। রাতে চলাচল করতে গিয়ে অনেকেই নদীতে পড়ে আহত হয়। বিষয়টি কয়েকবার উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
রায়পুর উপজেলা প্রকৌশলী আকতার হোসেন ভূঁইয়া বলেন, ‘বরাদ্দ পেলে সেতুটির রেলিং নির্মাণসহ সংস্কারকাজ করা হবে।’