রায়পুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রায়পুরে গাছিরহাট এলাকায় লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা মনোয়ারা বেগম (৪৮), তাঁর পুত্রবধূ শাহীনুর বেগম (৩০) ও নাতি মোহাম্মদ শামীম (১২) ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারার নাতি শান্ত (২) মারা যায়। নিহত সবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। এদিকে, ঢাকায় নেওয়ার পথে রাত নয়টার দিকে আহত আঞ্জুমানোয়ারা (৫০) মারা যান।দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন শাহীনুরের স্বামী বাবুল হোসেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। পৃথিবীতে আমার কেউ রইল না।’বাসযাত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার সময় বাসের চালক মুঠোফোনে কথা বলছিলেন। গাড়ির গতিও ছিল অনেক বেশি।দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাস ও অটোরিকশা দুটি আটক করে থানায় নেওয়া হয়। তবে দুই চালক পালিয়ে গেছে।