রায়পুরে সড়কে চার মাসে শতাধিক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর এলাকায় গত চার মাসে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতে ঢাকা থেকে লঞ্চে আসা যাত্রীরা চাঁদপুর থেকে রায়পুর আসার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন।
গতকাল বুধবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সভায় অব্যাহত ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির অধিকাংশ সদস্য। কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল বলেন, প্রায় প্রতিদিনই ছিনতাই হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করে আইনশৃঙ্খলা কমিটির অনেক সদস্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দািব জানিয়েছেন।
গত সোমবার (৫ মে) শায়েস্তানগরের আহছান উল্যা ও মোমিন মিয়া ওই সড়কের সিংহেরপুল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়৷ মারধরে আহছান উল্যা আহত হন। ৩ মে দেনায়েতপুরের নাজমুল হোসেন ও সোনাপুর গ্রামের আনোয়ার হোসেনকে আহত করে চারটি মুঠোফোন সেট ও ২৮ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়।
১৯ এপ্রিল ওই সড়কের বোয়াডার বাজার এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এর আগে ১৪ এপ্রিল ওই সড়কের সিংহেরপুল এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় ওই রাতেই রায়পুর পৌর ছাত্রলীগের তথ্যবিষয়ক সম্পাদক রানা দেওয়ানজী, ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলামসহ নয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
পৌর ছাত্রলীগের তথ্যবিষয়ক সম্পাদক রানা দেওয়ানজী বলেন, ‘এ ঘটনায় আমি জড়িত নই। ষড়যন্ত্রমূলকভাবে টাকা ছিনতাইয়ের ঘটনায় আমাকে জড়ানো হচ্ছে।’
এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বোয়াডার বাজার থেকে লেংলা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় প্রতি রাতেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ির গতি রোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা।
পুলিশ জানায়, গত চার মাসে সড়কে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই অঞ্চলের যাত্রীরা রাতে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরে আসেন। সেখান থেকে অটোরিকশায় করে রায়পুরে আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ১৯ এপ্রিল ভোর চারটার দিকে বোয়াডার বাজারসংলগ্ন এলাকায় নাজমুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেলের গতি রোধ করে ছিনতাইকারীরা ৬৫ হাজার টাকা নিয়ে যায়। মোটরসাইকেলটিও নেওয়ার চেষ্টা করলে নাজমুল তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা নাজমুলকে ছুরিকাঘাত করে। তিনি এখন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, গত ১৪ মার্চ কেরোয়া গ্রামের সাইফুল ইসলাম, চরমোহনার মোবারক হোসেন, আবদুল মতিন ও ব্যবসায়ী আহাম্মদ উল্যা আলাদাভাবে ওই সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন। তাঁদের কাছ থেকে নগদ টাকা ও লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে ১০ জানুয়ারি ভোর চারটার দিকে শায়েস্তানগরের সৌদি আরবপ্রবাসী মো. নয়ন ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলার মো. মবিন বলেন, ‘গত ২৫ ফেব্রুয়ারি লঞ্চ থেকে নেমে ভোর চারটার দিকে চাঁদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় রায়পুর আসছিলাম। রায়পুরের চৌধুরীরপুল এলাকায় চার ছিনতাইকারী গতি রোধ করে আমার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়।’
রায়পুর থানার এসআই আবুল বাশার বলেন, গত চার মাসে কমপক্ষে ৩০ জন ছিনতাইকারীকে আদালতে সোপর্দ করা হয়। ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে।