রায়পুরে সয়াবিনগাছ খাচ্ছে লেদা পোকায়
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের সয়াবিনখেতে লেদা পোকা আক্রমণ করেছে। লেদা পোকা খেয়ে ফেলছে সয়াবিনের গাছ ও পাতা। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।কৃষি কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ৮২ হেক্টর জমিতে লেদা পোকা আক্রমণ করেছে। কিন্তু কৃষকদের দাবি, আক্রান্ত জমির পরিমাণ আরও অনেক বেশি। কৃষকেরা বলেন, চলতি মাসের শুরুতে সয়াবিনখেতে লেদা পোকা আক্রমণ করে। এই পোকা গাছ ও পাতা খেয়ে ফেলে। নতুন বের হওয়া সয়াবিনও নষ্ট করে ফেলে। ১০ বছর ধরে সয়াবিন চাষ করছেন চরঘাষিয়ার কৃষক আবুল কালাম। তিনি জানান, এবার সয়াবিনগাছ খুব ভালো হয়েছে। কিন্তু হঠাৎ খেতে লেদা পোকা আক্রমণ করে। তাঁর ৫০ শতাংশ সয়াবিনখেতে লেদা পোকা আক্রমণ করেছে। চরইন্দুরিয়ার কৃষক রমিজ মিয়া বলেন, ‘আমার ৩০ শতাংশ জমির সয়াবিনগাছের পাতা লেদা পোকা খেয়ে ফেলেছে। কোনো কোনো গাছের পাতা মুড়িয়ে মরে যাচ্ছে। একবার কীটনাশক দিয়েও ফল পাইনি। পরে কৃষি কর্মকর্তার পরামর্শে আবারও কীটনাশক দিয়েছি।’ কৃষি কার্যালয়ের তথ্যমতে, এ বছর উপজেলায় চার হাজার ৭০০ হেক্টর জমিতে সয়াবিনের চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এর মধ্যে ৮২ হেক্টর জমিতে লেদাপোকা আক্রমণ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শামীম আলম বলেন, বেশি আক্রান্ত জমিতে কীটনাশক দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া খেতে লাঠি পুঁতে রাখার জন্যও তাঁদের পরামর্শ দেওয়া হয়। লাঠিতে পাখি বসে লেদা পোকা খেয়ে ফেলবে।