রায়পুরে ১০ ছাত্রী অসুস্থ, বিদ্যালয় বন্ধ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে গত এক মাসে এ স্কুলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হলো। বিদ্যালয় সূত্র জানায়, গতকাল ক্লাস চলাকালে হঠাৎ ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা হলো: পঞ্চম শ্রেণীর লিমা আক্তার, সাথী আক্তার, জোসনা আক্তার ও শাহিনুর আক্তার; চতুর্থ শ্রেণীর ফাতেমা আক্তার, সোনিয়া, রিমা আক্তার, শান্তা ও মিতু এবং তৃতীয় শ্রেণীর সুমী আক্তার। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।অভিভাবক সেরাজুল হক ও আবু ইউসুফ জানান, এক মাস ধরে প্রায় প্রতিদিনই শিক্ষার্থী অসুস্থ হচ্ছে। এতে তাঁরা উদ্বিগ্ন। তাঁরা বলেন, পড়ালেখার জন্য শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, আক্রান্ত শিক্ষার্থীদের প্রথমে প্রচণ্ড মাথা ব্যথা হয়। এরপর কাঁপিয়ে জ্বর আসে ও বমি হয়। একপর্যায়ে মুখ থেকে লালা বের হতে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন, ক্লাস চলাকালে ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। গত মাসের প্রথম সপ্তাহ থেকে গতকাল পর্যন্ত বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হয়েছে। এ জন্য বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাউদ্দিন শরিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি ‘মাস ফোবিয়া’ জাতীয় রোগ। একজন অসুস্থ হলে অন্যজন তাকে দেখে অসুস্থ হয়ে পড়ে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি করে পানি খাওয়ার পরামর্শ দেন।